পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জ সদরে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শফিক চংশোলাকিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাজন ইসলাম (২২) নামে একজনকে আটক করেছে। তিনি সদর উপজেলার বাদে শোলাকিয়া এলাকার আতকাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। রাজন রাজধানী ঢাকার মিরপুরে টাইলসের কাজ করে বলে জানিয়েছে পুলিশ।
গ্রামবাসীদের কয়েকজন জানান, শফিক ও রাজনের মধ্যে পূর্ববিরোধ ছিল। বেশ কয়েক বছর আগে রাজনকে চুরির অপবাদ দিয়েছিলেন শফিক। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হয়। সেই থেকে শফিকের প্রতি রাজন ক্ষোভ পুষে রাখে। এ ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে সে। ঘটনার পরেই স্থানীয়রা রাজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাজন এ হত্যাকাণ্ড ঘটায়। প্রাথমিকভাবে সে হত্যার দায় স্বীকার করেছে। পুরো বিষয়টি জানতে পুলিশ তদন্ত করছে। একই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।