কিশোরগঞ্জে কলেজ পড়ুয়া চাচাতো ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের বাড়ির তিন তলা ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম আবির হাসান রাহাত (২২)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের আউটপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ারুল হকের ছেলে। বসবাস করেন কিশোরগঞ্জের খরমপট্টি এলাকায়। তিনি গুরুদয়াল কলেজের ছাত্র ছিলেন।
অপরদিকে, এই ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই জোবায়ের হাসানের (২৬) বিরুদ্ধে। তিনি শহরের গাইটাল এলাকার শহীদুল হক খন্দকারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জোবায়ের হাসানের বড় বোন আরিফা সুলতানা জানান, সন্ধ্যায় রাহাত প্রতিদিনের মতো তার ছেলেকে পড়াতে এসেছিল। জোবায়ের হঠাৎ বাসায় এসে রাহাতের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে আরিফাকে বাসা থেকে বের দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে রাহাতের গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাহাত মারা গেছে।
জানা গেছে, আরিফার স্বামী বিদেশে থাকেন। গত ১৫ দিন আগে তিনি ওই বাসায় ভাড়া ওঠেন। অভিযুক্ত জুবায়ের আরিফার আপন ভাই। তার শিশু সন্তানকে রাহাত প্রাইভেট পড়াতেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, হত্যাকাণ্ডের পর জোবায়ের পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আপাতত বলা যাচ্ছে না। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। জোবায়ের হাসানকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।