ব্যাংকের সিঁড়ির নিচে ৩ মাসের শিশু, পাশে ছিল দুধের ফিডার 

গাজীপুরের কোনাবাড়িতে প্রিমিয়ার ব্যাংক ভবনের সিঁড়ির নিচ থেকে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভবনটির সিঁড়ির নিচে শিশুর কান্না শুনতে পায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী মোস্তফা ফকির। পরে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

নিরাপত্তা প্রহরী মোস্তফা ফকির বলেন, সকাল ৭টায় ব্যাংকের কলাপসিবল গেট খুলে দোতলায় উঠি। এ সময় শিশুর কান্নার শব্দ পেয়ে ফের নিচতলায় এসে সিঁড়ির নিচে শিশুটিকে পাই। পরে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

উদ্ধার হওয়া শিশুগাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা বলেন, উদ্ধার শিশুটির পাশে একটি ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে দুধের ফিডার ও কিছু জামাকাপড়ও ছিল। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে তিন মাস হবে। শিশুটি সুস্থ আছে তারপরও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাংকের নিরাপত্তা প্রহরী যখন গেট খুলে দোতলায় ওঠেন তখনই কেউ শিশুটিকে সিঁড়ির নিচে রেখে চলে গেছে।