বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে দেশে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে মাঠভর্তি ফসল রয়েছে। আমনের অবস্থা ভালো, সোনালি ফসল হবে। এ ছাড়াও দেশে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। কাজেই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে দেশে খাদ্যের কোনও সংকট হবে না, দুর্ভিক্ষ হবে না। পৃথিবীর অন্য যেকোনও দেশে খাদ্যের অভাব হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে। কিন্তু বাংলাদেশ কোনও খাদ্য সংকটে পড়বে না। এই মুহূর্তে দেশে খাদ্যের কোনও হাহাকার নেই, আগামী দিনেও হাহাকার হবে না।’

সোমবার (২৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজপথের নিয়ন্ত্রণ বিএনপির কাছে থাকবে না। রাজপথের নিয়ন্ত্রণ সবসময়ই আওয়ামী লীগের হাতে ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। রাজাকার আর জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না। বর্তমান সরকার একটি ন্যায়সঙ্গত, জনগণের নির্বাচিত সাংবিধানিক সরকার ও মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবে।’

রাজ্জাক বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি রেললাইনে আগুন দেবে, বিদ্যুৎ লাইন কেটে দেবে, ঘরে-গাড়িতে আগুন দেবে, জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে তা তো হতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তায় যা যা করা দরকার, সরকার তাই করবে।’

টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও শামসুল হক, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

সম্মেলনে ফারুক হোসেন মানিককে সভাপতি ও তোফাজ্জল হোসেন তোফাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।