মাদারীপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব ছিলারচর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল সরদার মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মামলার বিবরণে জানা যায়, ওই প্রতিবন্ধী তরুণী তার পরিবারের সঙ্গে সাবেক বাবুল সরদারের বাসায় ভাড়া থাকতো। মা একটি স্কুলে কাজ করেন, বাবা দিনমজুরে। মেয়ে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে বাসায় রেখে বাবা-মা দুজনকেই কাজে যেতেন। গত ২৯ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাবুল সরদার ওই তরুণীর ঘরে যায়। পরে তাকে ধর্ষণ করে। সন্ধ্যায় মা-বাবা বাড়িতে এলে বিষয়টি বুঝতে পেরে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনার পরদিন মা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় সাবেক চেয়ারম্যান বাবুল সরদারকে একমাত্র আসামি করে মামলা করেন। এরপর থেকেই অভিযুক্ত পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘বাবুল সরদার আমার স্ত্রীকে মামলা তুলে নিতে বিভিন্ন লোকজন দিয়ে ভয় দেখায়। কিন্তু আমরা তার কথা শুনিনি। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় করেছে, আমি তার বিচার চাই। কোন আপস চাই না।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘অভিযুক্ত সাবেক চেয়ারম্যান গত ৩০ সেপ্টেম্বর থেকেই পলাতক। তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়। আজ সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।’