জমির বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল জলিল ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। হত্যার ঘটনায় আব্দুল জলিলের চাচাতো ভাই সিদ্দিকুর রহমান ও ইদ্রিস আলী জড়িত বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

পরিবারের সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে জলিলের বিরোধ চলছিল। গতরাতে বাড়ির অদূরে স্থানীয় মসজিদ থেকে এশার নামাজ পড়ে ফিরছিলেন আব্দুল জলিল। বাড়ির কাছাকাছি আসলে চাচাতো ভাইয়েরা লাঠি নিয়ে তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জলিলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার চাচাতো ভাইদের পরিবারের সদস্যরা পলাতক। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।