গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি পার্ট-৪ এ আশফাক আহমেদ শিহাব (৩৪) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় তার মৃত্যু হয়।
শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।
আশফাক আহমেদ শিহাব টাঙ্গাইল সদরের রেজিস্ট্রিপাড়া গ্রামের মোস্তফা শফির ছেলে। তার কয়েদি নম্বর-৪২০৭/এ।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সকাল সাড়ে টার দিকে হঠাৎ সিভিয়ার চেস্ট পেইনে অসুস্থ হয়ে পড়েন আশফাক। দ্রুত তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পল্লবী থানায় হওয়া একটি মামলায় সাজা হয়ে কারাগারে ছিলেন আশফাক। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।