দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, আক্রান্ত বাড়েনি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘তবে সংক্রমণ না বাড়লেও সবাইকে মাস্ক পরতে হবে।’
মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে যখন করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে তখন চেষ্টা করেছি কীভাবে বাংলাদেশের মানুষকে সুস্থ রাখা যায়, টিকা দেওয়া যায়, খাবার ও গরিব মানুষকে সহায়তা দেওয়া যায়। কিন্তু ওই সময় বিরোধী দলের কাউকে আমরা পাশে পাইনি। উল্টো চিকিৎসা ও টিকা নিয়ে সমালোচনা করেছেন তারা। অথচ করোনা নিয়ন্ত্রণ ও টিকাদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে বিশ্ববাসী। করোনা নিয়ন্ত্রণে বিশ্বে পঞ্চম ও এশিয়ায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। কিন্তু বিরোধী দলের কাছে নয়।’
শনিবার (০৭ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে জেলা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ যদি ভালো কাজ করে তাহলে সারা দেশে বিপুল ভোটে জয় লাভ করবে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। এজন্য সাহস ও যোগ্যতার সঙ্গে ছাত্রলীগকে কাজ করতে হবে। সামনে নির্বাচন, ছাত্রলীগকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের সহযোগিতায় আগামী নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ জয় লাভ করবে।’
তিনি বলেন, ‘করোনার সংকটে গত দুই বছর আমরা চেষ্টা করেছি কীভাবে দেশের অর্থনৈতিক অবস্থা ধরে রাখা যায়, মানুষের মাঝে খাদ্য পৌঁছে দেওয়া যায়, মানুষের চাকরি ঠিক রাখা যায়। সেই সময়ে বিরোধী দলের কাউকে মানুষের পাশে দেখতে পাইনি আমরা।’
বিএনপির কাজ শুধু আওয়ামী লীগের সমালোচনা করা উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের পাশে না থেকে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় সেই চিন্তা করছে বিএনপি। এজন্য ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। যাতে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়। বিএনপি যাতে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে।’
জনগণের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত দিনের কথা বিচার-বিবেচনা করলে বুঝতে পারবেন, আপনাদের ভোটের মূল্যায়ন কে করেছে। আপনাদের পাশে কে ছিল, কারা দেশের উন্নয়ন করেছে। দেশের মানুষ উন্নয়নের সঙ্গে আছে। দেশের মানুষ শান্তি চায়, বিশৃঙ্খলা চায় না। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ।’
বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিরোধী দলকে বলবো শান্তিপূর্ণ নির্বাচনে আসুন। নির্বাচনে জয়লাভ করলে ক্ষমতায় আসবেন। নির্বাচনে জয়লাভ না করলে আপনাদের অবস্থা যেখানে থাকার সেখানে থাকবেন।’
জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাঈশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুবকর সিদ্দিক তুষার প্রমুখ।