অবৈধ মজুতের অভিযোগে ২২৫০ কেজি চিনিসহ ব্যবসায়ী আটক

আসন্ন রমজান মাস উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে চিনি মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ। 

আটক ব্যবসায়ীর নাম লুৎফর রহমান (৪৫)। তার বাড়ি উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকায়।

পুলিশ জানায়, আসন্ন রমজান মাসে বেশি লাভে বিক্রির জন্য কয়েকজন অসাধু ব্যবসায়ী উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া এলাকায় চিনি মজুত করে রাখেন। স্থানীয় লোকজনের কাছে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ পালপাড়া এলাকার রায়হান মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে থেকে ২ হাজার ২৫০ কেজি চিনি মজুত পাওয়া যায়। অবৈধভাবে চিনি মজুত করার অভিযোগে শুক্রবার লুৎফরকে আটক করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, কালোবাজারির উদ্দেশ্যে চিনিগুলো অবৈধভাবে মজুত করা হয়। এ ঘটনায় মামলায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বাকি দুইজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।