গাজীপুরের কালিয়াকৈরে লিজ ফ্যাশন পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে হোসেন (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে। তিনি ওই কারখানার মানবসম্পদ বিভাগের নির্বাহী (পে-রোল) তারিক ইয়ার খানের গাড়িচালক।
পুলিশ সুপার মাকছুদের রহমান জানান, কালিয়াকৈরের সফিপুর এলাকার লিজ ফ্যাশন কারখানায় মানবসম্পদ বিভাগের নির্বাহী (পে-রোল) পদে চাকরি করতেন তারিক ইয়ার খান। তিনি কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের হিসাব দেখাশুনা করতেন। ২০২১ সালের ২৪ আগস্ট তারিককে কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের হিসাব দেওয়ার জন্য নির্দেশ দেন কারখানা কর্তৃপক্ষ। তিনি ওই হিসাব বুঝিয়ে না দিয়ে নিজের ব্যবহৃত মাইক্রোবাস কারখানার ভেতরে ফেলে রেখে পালিয়ে যান। ওই কারখানার প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) সবুজ মিয়া ওই কর্মকর্তা ও তার চার সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি পিবিআইতে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে ওই কর্মকর্তার গাড়িচালক হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতার হোসেন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
হোসেনের স্বীকারোক্তির বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা রফিকুল জানান, লিজ ফ্যাশন তারিক ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২৪ আগস্ট পর্যন্ত লিজ ফ্যাশনে চাকরি করেন। বিভিন্ন সময় কোম্পানির কর্মকর্তা/কর্মচারীদের চেক কৌশলে ডাবল ইস্যু করতেন তিনি। যার নামে ইস্যু করা হয় তাকে একটি চেক পদিতেন। অন্যটি গাড়িচালক হোসেন, বহিরাগত সহযোগী বাবু, এমদাদ এবং ওই প্রতিষ্ঠানের কর্মচারী মতিয়ার ও মাইন উদ্দিনের সহায়তায় ব্যাংক থেকে বিভিন্ন সময়ে আড়াই কোটির বেশি টাকা তুলেছেন। এই টাকায় তিনি একাধিক গাড়ি, জমি ও ফ্ল্যাট কিনেছেন।