প্রতিপক্ষের একজনকে দেখে বোমা নিক্ষেপ, বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে বোমা আঘাতে মনির চৌকিদার (৪৫) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মনির কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার চাঁন মিয়া সিকদার ও মান্নান সরদারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে আজ রাতে মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় মনির চৌকিদারকে একা পেয়ে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন। নিহত মনির চৌকিদার চাঁন মিয়া সিকদার গ্রুপের সদস্য ছিলেন।

এ বিষয়ে কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।