একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩ বোন

টাঙ্গাইলের সখিপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিন বোন। স্থানীয়রাসহ কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষার্থীদের নজর কেড়েছে এই তিন বোনের একসঙ্গে পরীক্ষা দেওয়ার বিষয়টি।

রবিবার (৩০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় তারা উপজেলার সখিপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নেন।

এই তিন বোন হলেন- সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম, মেজো মেয়ে সাদিয়া ইসলাম ও ছোট মেয়ে রাবিয়া ইসলাম। তারা উপজেলার সখিপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

ssc3

জানা গেছে, শিক্ষার্থীদের বাবা শফিকুল ইসলাম সৌদি আরবে প্রায় ২৯ বছর অবস্থান করেন। সেখানে ব্যবসার সুবাদে স্ত্রীকেও সেখানে নেন। দীর্ঘদিন অবস্থান করায় সৌদিতেই তিন বোনের জন্ম হয়। এরপর ২০১০ সালে মক্কায় ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে পরিবার নিয়ে দেশে চলে আসেন শফিকুল ইসলাম। একসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার ঘটনাটি সবার নজর কেড়েছে।

বাবা শফিকুল ইসলাম বলেন, আমার তিন মেয়েকে ক্লাস ওয়ান থেকে একসঙ্গে পড়াশোনা করাচ্ছি। তারা পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়াও জেএসসিতেও ভালো ফলাফল করেছে। এসএসসির প্রথমদিনের বাংলা পরীক্ষা তাদের অনেক ভালো হয়েছে। আশা করছি, এবারও ভালো ফল করবে। আমার সামর্থ্য অনুযায়ী তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবো।

সখিপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, তারা তিন বোন মেধাবী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশা করছি।