ঝগড়ার পর স্ত্রীকে হত্যা করে ঢাকায় এসে গ্রেফতার

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় স্ত্রী আসমা আক্তারকে (৩৬) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী নুরু মিয়াকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৯টায় রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১২ ডি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুরু মিয়া মানিকগঞ্জের সদর উপজেলার মেঘ শিমুল গ্রামের মৃত শামসুল হকের ছেলে। স্ত্রী ও আট বছরের ছেলেকে নিয়ে কোনাবাড়ীর কুদ্দুসনগর এলাকার লাবিব ভিলার সপ্তম তলায় পশ্চিম পাশের ফ্লাটে বসবাস করতেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, নিহতের বাবা মোস্তফা মিয়া নুরু মিয়াকে আসামি করে কোনাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরে র‌্যাব আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রাতেই কোনাবাড়ী থানায় সোপর্দ করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।

কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ওই মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাত দেড়টার দিকে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আড়াইটার দিকে আছমাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী। তখন তাদের ছেলে (৮) ঘুমিয়ে ছিল।