নারায়ণগঞ্জ শহরের সুপার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোস্তফা মিজানুর রহমান নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ মে) দুপুরে শহরের ডিআইটি এলাকার সুপার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট সনোলজিস্ট (এমবিবিএস) হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার সনদ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বিনাশ্রম এক বছরের কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, মিজানুর ভুয়া ডাক্তার হওয়ার কথা স্বীকার করেছেন। এ কারণে তাকে সাজা দেওয়া হয়েছে। আর প্রতিষ্ঠানটি কোনও কাগজপত্র যাচাই ছাড়া আলট্রাসনোগ্রাম বিভাগে নিয়োগ দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের মালিকপক্ষের অসহযোগিতা ও ডাক্তার নিয়োগের কোনও কাগজপত্র দেখাতে না পারায় ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।