স্কুলে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে যুবককে হত্যা

টাঙ্গাইলের দেলদুয়ারে একটি স্কুলের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দুই গ্রু‌পের সংঘর্ষে জনি মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) রা‌তে উপজেলার লাউহাটি বাজা‌রে এই ঘটনা ঘ‌টে‌। 

জনি উপ‌জেলার হেরেন্দ্র পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

দেলদুয়ার থানার ও‌সি নাসির উদ্দিন জানান, ক‌য়েক‌দিন আগে লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একটি প‌দে নিয়োগ পরীক্ষা হয়। এতে লাউহাটি এবং হেরেন্দ্রপাড়া এলাকার দুইজন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ‌দিন ফলাফল ঘোষণা করে হেরেন্দ্রপাড়া এলাকার পরীক্ষার্থীর নাম ঘোষণা করেন স্কুল কর্তৃপক্ষ। এসময় লাউহাটি এলাকার লোকজন অনৈতিকভাবে নিয়োগ হওয়ার অ‌ভি‌যোগ ক‌রেন। পরে এই ঘটনাকে কেন্দ্র ক‌রে দুই পাড়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডার সৃ‌ষ্টি হয়। এক পর্যা‌য়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনার তিন দিন পর একই বিষয় নিয়ে দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। 

ওসি আরও জানান, এর জের ধ‌রে সোমবার রা‌তে লাউহাটি সিএনজি স্ট্যান্ডে হেরেন্দ্রপাড়ার জনিকে দাঁড়িয়ে থাকতে দেখে লাউহাটি এলাকার কয়েকজন তাকে কু‌পি‌য়ে আহত ক‌রে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জনিকে মৃত বলে জানান। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।