নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা চালক মামুন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার দক্ষিণপাড়া এলাকার হাফেজ মিয়ার ছেলে গাফফার ও সোনারগাঁ উপজেলার উত্তরপাড়া এলাকার মাসুদ রানা ওরফে মাসুদ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, সোনারগাঁয়ে সিএনজি চালক মামুন হত্যা মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ জুলাই রাত থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ চালক মামুন মিয়া নিখোঁজ হযন। পরের দিন ৯ জুলাই একটি মোবাইল নম্বর থেকে ফোন করে মামুন ও অটোরিকশাটি তাদের হেফাজতে রয়েছে উল্লেখ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে এক লাখ ৩০ হাজার টাকা দিতে রাজি হলে মুক্তিপণের টাকা সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী এলাকায় একটি নির্মাণধীন বাড়ির নিচ তলায় রেখে আসতে বলে অপহরণকারীরা। এই অবস্থায় মুক্তিপণের টাকা ও অপহরণকারীদের কথা পুলিশকে জানায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। পরে অপহরণকারীদের কথা মতো টাকা রেখে আসলে ওঁৎ পেতে থাকা পুলিশ সদস্যরা অপহরণকারীদের তিন জনকে আটক করে। তবে অপহরণকারীদের আরও ৩-৪ জন পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজি চালক মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় সিএনজি চালক মামুনের মা সুফিয়া বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।