গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশের সোর্সের নামে মামলা

মুন্সীগঞ্জে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে এনায়েত তালুকদার (৪৬) নামে পুলিশের সোর্সকে আসামি করে আদালতে পিটিশন মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করা হয়। মামলার বাদী শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা গ্রামের ভুক্তভোগী গৃহবধূর মা রহিমা বেগম।
মামলায় শ্রীনগরের বাঘড়া পুলিশ ফাঁড়ির সোর্স বরিবরখোলা গ্রামের এনায়েত তালুকদারকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার আইনজীবী আবদুল মালেক ভুঁইয়া জানান, মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. ফজলুল হক অভিযোগ আমলে নিয়ে আগামী সাতদিনের মধ্যে শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, বাঘড়া পুলিশের সোর্স বিবাহিত এনায়েত তালুকদার একই গ্রামের এক গৃহবধূকে (২৮) দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ওই গৃহবধূ অসম্মতি জানালে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এনায়েত গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে এনায়েত পালিয়ে যায়।
মামলার বাদী রহিমা বেগম জানান, এ ব্যাপারে শ্রীনগর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন।
/বিটি/ এআর/