গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়

গোপালগঞ্জে লুৎফর মোল্লা হত্যা মামলায় তিন জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সব আসামি এজলাসে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুলনার দাকোপ উপজেলার আমতালা গ্রামের শফিউদ্দিন হাওলাদারের ছেলে মফিজুর রহমান (৩২), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চর কুশলী গ্রামের পান্নু শিকদারের ছেলে আব্দুল্লাহ শিকদার (১৯) ও একই এলাকার মন্টু শিকদারের ছেলে সাজেদুল ইসলাম (২৩)।

জানা গেছে, লুৎফর মোল্লা দীর্ঘ দিন ধরে ব্যবসার জন্য বিভিন্ন লোকজনকে টাকা ধার দিয়েছিলেন। ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায়  টুঙ্গিপাড়ার নিলফা বাজারে চা খেতে যান তিনি। এরপর সেখান থেকে পাওনা টাকা নিয়ে একই উপজেলার চরকুশলী গ্রামে যান। সেখান থেকে রাত ১০টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। পরে তিনি সেখান থেকে কথা বলতে বলতে হেঁটে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে ওই এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছালে কে বা কারা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়।

পরে তার ছেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের ছেলে সজিব মোল্লা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলায় তিন জনের ফাঁসির রায় ঘোষণা করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী আজগার আলী খান বলেন, রায়ে সঠিক বিচার পেয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। অবিলম্বে এ রায় কার্যকরের দাবি জানাই। 

মামলার বাদী নিহতের ছেলে সজিব মোল্লা বলেন, আমার বাবা হত্যার এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।আমরা সঠিক বিচার পেয়েছি।  আশাকরি উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে।

আসামিপক্ষের আইনজীবী মো. আবু সুফিয়ান বলেন, রায়ে আমরা সন্তুষ্ট নই। শুধুমাত্র একটি স্বীকারোক্তির ওপর ভিত্তি করে রায় ঘোষণা করা হয়েছে। উচ্চ আদালতে আপিল করবো। আশা করি, সেখান থেকে সব আসামি বেকসুর খালাস পাবেন।