‘সিগারেট না দেওয়ায়’ কিশোরকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে কিশোরকে সিগারেট না দেওয়ায় এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক কিশোরের বিরুদ্ধে। রবিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকা থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

নিহতের নাম আব্দুল্লাহ রাঢ়ি (১৫)। সে বরিশালের হিজলা উপজেলার আয়নাল রাঢ়ির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একই রুমে অভিযুক্ত কিশোর কয়েকজনের সঙ্গে ভাড়া থাকতো। সবাই সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঘরে এক কিশোরের মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। পরে ঢাকার সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি টিম এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

প্রতিবেশী মেহেরুনেছা বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত রান্না ঘরে এসে আমার কাছে বটি চায়। আমি তাকে জিজ্ঞেস করি বটি দিয়ে কী করবে। সে আমাকে জানায়, ফ্যানের সঙ্গে রশি আছে সেটি কাটতে হবে। তারপর সে বটি নিয়ে চলে যায়। এরপর আমি আর কিছুই জানি না।’

এলাকাবাসী শাকিল বলেন, ধলেশ্বরী নদীর পাড়ে অভিযুক্ত কিশোর তার ব্যাগ নিয়ে বসে ছিল। আমরা এলাকাবাসী তার পরনের গেঞ্জিতে রক্ত দেখে তাকে জিজ্ঞেস করি। তারপর সে বলে আমি নিহতের কাছে সিগারেট চাই কিন্তু সিগারেট আমাকে দেয়নি। আমার সঙ্গে খারাপ আচরণ করে শুয়ে থাকে। তারপর আমি বটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করি। পরে আমরা এলাকাবাসী তাকে পুলিশের কাছে হস্তান্তর করি।’

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রাথমিক ক্লু পাওয়া গেছে। তারা দুইজন রুমে প্রথমে প্যান্ট কাটে, তারপর তাদের মধ্যে সিগারেট নিয়ে কথা কাটাকাটি হয়। পরে অভিযুক্ত কিশোর তাকে বটি দিয়ে প্রায় ৪-৫ টি কোপ দেয়। সেখানের তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।