চুরি করে নিয়ে ২ মাসের শিশুকে হত্যা, লাশ পুঁতে রাখা হয়েছিল ডোবায়

মুন্সীগঞ্জের মিরকাদিমে বাড়ি থেকে চুরি হওয়ার চার দিন পর দুই মাস বয়সী শিশু মো. আজানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

শিশু আজান মায়ের সঙ্গে মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় নানা মোহন মিয়ার বাড়িতে থাকতো। 

আজানের মামা মো. মোক্তার জানান, সোমবার সকাল ৬টার দিকে ডোবায় শিশুটির মরদেহের কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। পরে সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তোলেন তারা এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এদিকে শিশু আজানের মামা ও স্বজনদের সন্দেহ, প্রতিবেশী রমিজি বেগম এ ঘটনায় জড়িত থাকতে পারেন। সকাল থেকে ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা। অবশ্য পুলিশ পরে রমিজি বেগমকে আটক করে হেফাজতে নিয়েছে। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, গত ২৮ সেপ্টেম্বর শিশুটি নিখোঁজ হলে থানায় একটি চুরির মামলা রুজু হয়। তবে যেহেতু শিশুটির লাশ ডোবা থেকে পাওয়া গেছে, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার জড়িত সন্দেহে রমিজি বেগম নামের এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুই মাসের শিশু আজানকে ঘরে রেখে বাথরুমে যান তার মা শ্রাবণী বেগম। সেই সুযোগে কে বা কারা ঘর থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। পরে অনেক খোঁজখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আজানের মামা মোক্তার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।