‘বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিশে ষড়যন্ত্রে মশগুল’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি বলেছেন, ‘আমরা যখন স্মার্ট বাংলাদেশের কথা বলছি তখন বিএনপি টেইকব্যাক বাংলাদেশ বলে দেশকে পিছিয়ে দিতে চায়।’

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম আরও বলেন, ‘তারা চিন্তা করে আফগানিস্তান বা বিভিন্ন দেশে যেমন পুতুল সরকার বসানো হয়েছিল ঠিক সেইভাবে নির্বাচনকে বানচাল করে একটা পুতুল সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে সেই স্বপ্ন দেখছে তারা। বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিশে সেই ষড়যন্ত্রে মশগুল।’

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপশক্তিকে প্রতিহত করতে। তিনি বলেন, ‘তাদের মাঠে থাকতে দেওয়া যাবে না। স্বাধীনতা বিরোধীদের রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করে আগামী নির্বাচনে বিজয় লাভ করতে হবে।’

এ সময় দলীয় নেতাকর্মীদের স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করে আগামী ২৮ অক্টোবরের ঢাকার আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।

মুন্সীগঞ্জে প্রস্তাবিত শেখ রাসের শিশু পার্কের মাঠে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম।