কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় একটি গাড়িতে আগুন দিয়েছেন। তারা মহাসড়কে কয়েকটি গাড়ি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মঈনুল হক বলেন, চতুর্থ দিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক, কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎ এবং শফিপুর এলাকার পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। শ্রমিকরা মহাসড়কে অবস্থান করে গাড়িতে আগুন দেয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বেশকিছু গাড়ি ভাঙচুর করেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। পরিস্থিতি বিবেচনা করে আশপাশের অধিকাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা কালিয়াকৈরের মৌচাক থেকে বিক্ষোভ করতে করতে চন্দ্রা আসার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় তারা আশপাশে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। যেসব কারখানা ছুটি ঘোষণা করেনি ওইসব কারখানা বন্ধ ঘোষণার জন্য বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করতে হবে। বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছি। আশপাশের কারখানায় শ্রমিকরা কাজ করবেন এটা হতে পারে না। বেতন বৃদ্ধি হলে তারাও তো এ সুবিধা ভোগ করবেন। তাই সবাইকে আন্দোলনে নেমে একাত্মতা প্রকাশ করার চেষ্টা করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আন্দোলনরত বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি জিপ গাড়িতে আগুন দিলে যান চলাচলে ধীরগতি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা, মহানগর ও শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, গত সোমবার থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, তেলিরচালা, মৌচাক ও কোনাবাড়ি এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন।