রূপগঞ্জে ‘অবরোধবিরোধী’ সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘অবরোধবিরোধী’ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং তার ছেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মূর্তজা পাপ্পা।

বৃহস্পতিবার (২নভেম্বর) গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে সকাল ৯টায় পূর্বাচল থেকে এই কর্মসূচি শুরু হয়।

রূপগঞ্জের পূর্বাচলের জয়বাংলা চত্বর, রূপগঞ্জের শুমু মার্কেট এলাকা, কাঞ্চন ব্রিজ এলাকা ও মুরাপাড়া সমাবেশ ও মিছিল করেন তিনি।

উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি স্থানে পথসভা করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পাও। বাবা ও ছেলের নেতৃত্বে এদিন মাঠে সরব হয়ে ওঠে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে, অন্য এক পথসভায় বিএনপি জামায়াতের দেওয়া অবৈধ অবরোধ জনগণ মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মূর্তজা পাপ্পা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

গোলাম মূর্তজা পাপ্পা বলেন, 'বিএনপির যদি কোনও দাবি-দাওয়া থাকে তারা শান্তিপূর্ণভাবে তা উত্থাপন করতে পারতো। কিন্তু বিএনপি তা করেনি। আপনারা (বিএনপি) আগেও তা করেন না, এখনও করছেন না। আপনারা জনগণের সম্পদ ধ্বংস করছেন। আপনারা অবৈধ অবরোধ দিয়েছেন, কিন্তু আপনারা এসে দেখেন জনগণ অবরোধ মানেনি।’

এদিকে, সকালে প্রথমে তারাব বিশ্বরোড এলাকায় মিছিল ও সমাবেশ হয়। পরে মুড়াপাড়া বাজার ও মঠের ঘাটে  মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, ভোলাব ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাসহ বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।