জনগণের এত সাড়া পেয়েছি সড়কে ট্রাফিক জ্যাম লেগে গেছে: পাটমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘জনগণের এত সাড়া পেয়েছি যে সড়কে ট্রাফিক জ্যাম লেগে গেছে। সারা রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের সব লোক নেমে গেছে। এলাকার সমস্ত নেতৃবৃন্দ আমার সঙ্গে এসেছেন। তারা সবাই নৌকার পক্ষে গণসংযোগে নেমেছেন।’

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভুলতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাচাই এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যেহেতু নৌকা আমাদের প্রধানমন্ত্রীর মার্কা এবং আগামী ৪ জানুয়ারি তিনি নারায়ণগঞ্জে জনসভায় এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বলে দেবেন। তাই নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ওই যে সামনে রাস্তা আছে দেখেন রাস্তা পাকা হয়েছে কিনা। দেখেন কী সুন্দর রাস্তা! এই রাস্তা দেখে মানুষ ভোট দেবে। ভুলতা ফ্লাইওভার সারা দেশের একটা মেগা প্রজেক্ট, সেই ভুলতা ফ্লাইওভার ও ভুলতা আইস প্ল্যান্ট কলেজসহ সমস্ত জায়গায় আমরা রাস্তা পাকা করে দিয়েছি। সুতরাং এখানে কোনও ধরনের কমতি নাই।’

তৃণমূল বিএনপির ভেতরকার দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপিকে স্বাগত জানাই। তাদের ভেতরগত বিরোধ থাকতে পারে। কিন্তু আমাদের সঙ্গে কোনও বিরোধ নেই। এলাকার মধ্যে আমরা কোনও বিরোধ করবো না। কারণ, একটি দল নির্বাচন করবে এটা আমরা চাই।’

নৌকার ক্যাম্প ভাঙচুর প্রসঙ্গে পাটমন্ত্রী বলেন, ‘আমাদের ক্যাম্প ভাঙচুরের বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এ ছাড়া নির্বাচনে কোনও ধরনের সহিংসতা নেই।’

এ ছাড়াও এদিন রূপগঞ্জের মুড়াপাড়া বাজার এলাকায় তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ৮ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম প্রচারণা চালিয়েছেন।