মানিকগঞ্জের তিনটি আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়া বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। মমতাজের নৌকা ট্রাকে পিষ্ট।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-৩ আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামে মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।
মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর ও দৌলতপুর) আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সালাউদ্দিন মাহমুদ (এস এম জাহিদ) ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল পেয়েছেন ৩৮ হাজার ৯৪২ ভোট। জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রেহেনা আকতার এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর, সদরের একাংশ) আসনের নির্বাচনি ফলাফলে এই আসনের বর্তমান সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ৮ হাজার ৯০১ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পলাশ কুমার বসু জানান, সিংগাইরে সব কটি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু মমতাজ বেগমের নৌকা প্রতীকের চেয়ে ২০ হাজার ৭৫৪ ভোট বেশি পেয়েছেন।
ট্রাক প্রতীক পেয়েছেন ৬০ হাজার ৫৩৮ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নৌকা প্রতীক পেয়েছেন ৩৯ হাজার ৭৮৪ ভোট।
এ ছাড়া হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহরিয়ার রহমান জানান, নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম ৩০ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ১৯ হাজার ১৫ ভোট। সার্বিক ফলাফলে মমতাজের নৌকা ট্রাক প্রতীকের কাছে ৮ হাজার ৯০১ ভোটে পরাজিত হয়েছেন।