শিবচরে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজের ছয় ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার জয় বাংলা ব্রিজ-সংলগ্ন ময়নাকাটা নদী থেকে রাকিব খানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব খান (২৪) শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। সে স্থানীয় সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয় কলেজছাত্র রাকিব খান। পরে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ-সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা। পরে পরিবারের লোকজন খবর দেওয়া হলে রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই না জানালেও রাকিবের হাতে সাপে কাটা চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।