গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে ফেরেননি। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে প্রশাসনিক ভবনের সব কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।
রবিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় খোলার দিনে ক্লাসে না ফিরে বিক্ষোভ করেছেন তারা। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কিন্তু এখন পর্যন্ত তারা পদত্যাগ না করে আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় ক্লাসে না গিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে প্রশাসনিক ভবনে সব কর্মকর্তা-কর্মচারীর কক্ষে এবং ভবনের প্রধান ফটকে তালা দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর দমন নিপীড়ন চালিয়েছেন এসব কর্মকর্তা। বিনাদোষে শিক্ষার্থীদের বহিষ্কার, মিথ্যা মামলা দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানি, ছাত্রবাসে অভিযান, অস্ত্রের মুখে শিক্ষর্থীদের গ্রেফতারের মতো ঘটনা ঘটিয়েছেন। সর্বশেষ শিক্ষার্থীদের দমন করতে ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ প্রয়োগ এবং গভীর রাতে হলগুলো থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের বের করে দিয়েছেন। এ অবস্থায় ১১ দফা দাবি জানিয়ে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত উপাচার্যকে এসবের ব্যাখ্যা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু তাদের দাবি না মেনে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হয়। ফলে শিক্ষার্থীরা ১৬ আগস্টের মধ্যে উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার, প্রক্টরসহ কয়েকজন কর্মকর্তার পদত্যাগের আলটিমেটাম দেন। তারপরও তারা পদত্যাগ না করায় রবিবার প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। এরপরও তারা পদত্যাগ না করলে যানবাহন চলাচল ও সব দাফতরিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।