গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবেরাধ করেছেন টিএনজেড অ্যাপারেলস পোশাক কারখানান শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, টিএনজেড গ্রুপে তারা তিন হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জুলাই মাসের বেতন ২০ আগস্ট পরিশোধ করার কথা থাকলেও পরিশোধ না হওয়ায় আন্দোলন করছেন তারা। জুলাই মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও তারা দিচ্ছেন না। কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়ে তাদের সঙ্গে টালবাহানা করছেন। এর আগে আন্দোলন করলে প্রশাসন, পুলিশ, শ্রম অধিদফতর এবং কলকারখানা অধিদফতরের প্রতিনিধিরা তাদের কাছ থেকে সময় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। তারাও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কোনও সমাধান করতে না পারায় বিক্ষোভে নামেন তারা। 

একাধিক শ্রমিক বলেন, বর্তমানে আমরা কোনও রকমে খেয়ে না খেয়ে দিনযাপন করছি। সামান্য বেতন দিয়ে আমাদের বাসা ভাড়া, খাওয়া-দাওয়া, ছেলেমেয়ের স্কুল-কলেজের খরচ চালাতে কষ্ট হয়। নিয়মিত বেতন না পেলে আমাদের যেমন না খেয়ে থাকতে হয়, তেমনি যাবতীয় খরচ চালানো কষ্টকর হয়ে যায়। দোকান মালিকরা বাকিতে মালামাল দিতে চান না। স্কুল-কলেজের বেতন না দিলে সন্তানরা যেতে চায় না।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে শিল্প পুলিশ। সমস্যা নিরসনে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও শিল্প পুলিশের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। আপাতত তাদের শান্ত থাকতে বলা হয়েছে।’