অনিয়ম-দুর্নীতি: বদলিকৃত মাসুদকে নিয়ে বিপাকে সিটি করপোরেশন

গাজীপুর সিটি করপোরেশনে হিসাবরক্ষণ কর্মকর্তা থাকা সত্ত্বেও অনিয়ম-দুর্নীতির অভিযোগে মাসুদুর রহমানকে একই পদে বদলি করায় বিপাকে পড়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মাসুদুর রহমানের যোগদান নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি মাসুদুর রহমানকে কুমিল্লা সিটি করপোরেশন থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে গাজীপুর সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। গত ১১ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম বদলির আদেশ দেন। আদেশে মূল কর্মস্থল হিসেবে গাজীপুর পৌরসভা উল্লেখ করা হয়। যা বর্তমানে গাজীপুর সিটি করপোরেশন।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের জনবল কাঠামোতে হিসাবরক্ষণ কর্মকর্তার দুটি পদ আছে। বর্তমানে দুই পদে দুজন হিসাবরক্ষণ কর্মকর্তা কর্মরত আছেন। কিন্তু পদ খালি না থাকা সত্ত্বেও কুমিল্লা সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমানকে বদলি করা হয়। ফলে পদ খালি না থাকায় তার যোগদানপত্র গ্রহণ করতে পারছে না গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গত ২৮ জুলাই যোগদানপত্র জমা দেন মাসুদুর রহমান। নিয়োগপত্র গ্রহণ করতে তিনি নগর ভবনে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাপ দেন। 

এ নিয়ে মাসুদুর রহমান কর্মপরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ সিটি করপোরেশনের কর্মকর্তাদের। গত ১৩ আগস্ট বিষয়টি সুরাহার জন্য সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপ-সচিবের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন।

স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমানের নিয়োগকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখা, তৎকালীন গাজীপুর পৌরসভা নয়। তিনি পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত। তাকে ইতোপূর্বে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে বদলি করা হয়। তিনি তৎকালীন পৌরসভার কর্মচারী না হওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারী হিসেবে বিবেচিত নন। তাই গাজীপুর সিটি করপোরেশন তার মূল কর্মস্থল নয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান কুমিল্লা সিটি করপোরেশনে কর্মরত থাকা অবস্থায় অনিয়ম-দুর্নীতি করেছেন। এজন্য দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি অনিয়ম-দুর্নীতির তদন্ত প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে গত ১১ গাজীপুরে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘আমাদের এখানে হিসাবরক্ষণ কর্মকর্তার দুটি পদ আছে। ওই পদে দুজন থাকা সত্ত্বেও মাসুদুর রহমানকে এখানে বদলি করা হয়েছে। আমরা তার যোগদানপত্র গ্রহণ করিনি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’