মুন্সীগঞ্জে বিষ দিয়ে মুক্তিযোদ্ধার মৎস্য খামারের মাছ লুট

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও মুক্তিযোদ্ধার মৎস্য খামারে কীটনাশক ছিটিয়ে ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব পাইক পাড়া গ্রামের শেখ বাড়িতে এই ঘটনা ঘটে।

বিষক্রিয়ায় মৃত মাছ

মৎস্য খামারে মালিক মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমানের ধারণা জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২টার দিকে একই গ্রামের মহি মুন্সি (৫০),রনি (৪৫),রিপন ভূইয়াসহ (৪৫) আনুমানিক ৩০/৪০ জনের একটি দল আমার মৎস্য খামারে বিষ প্রয়োগ ও  মাছ  লুট করে নিয়ে যায়। এসময় আমরা ঘর থেকে বের হতে চাইলে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি  আরও জানান, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। যার বিচার আজও পাইনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গিবাড়ী থানার এসআই শাহআলম জানান, পুলিশ রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ঘটনায় শনিবার সকালে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/জেবি/টিএন/