সমন্বয়কদের নিয়ে ফেসবুকের যে পোস্ট সারজিস আলমকে ব্যথিত করে

বিভিন্ন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আসাকে অনেকে রাজনৈতিক সফর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর শহরে একটি রেস্টুরেন্টে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক এই মন্তব্য করেন।

সারজিস বলেন, ‘কোনও রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে।’

এ সময় তিনি ছাত্র আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত এক জনের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন। ইতিমধ্যে নিহত ও আহতদের সহায়তায় ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। ধারাবাহিকভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা আশ্বাস দেন সারজিস আলম।

এর আগে বেলা ১১টায়  জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভা শেষে বিকাল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে সারজিস আলমসহ কেন্দ্রীয় সমন্বয়কদের।