সাভারে ঘোষণা দিয়ে মাজার ও পীরের বাড়িতে হামলার অভিযোগ

ঢাকার সাভারে সুফি সাধক কাজী জাবেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় মাওলানা কাজী আফসার উদ্দিন বাবার বাড়ি ও মাজার শরিফে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, পুলিশের ফোর্স ইতোমধ্যে সেখানে গিয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারাও যাচ্ছেন, বিষয়টি দেখা হচ্ছে।

‘কাজী জাবের আহমেদ’ নামে একটি ফেসবুক আইডি এ ঘটনার একাধিক ফেসবুক লাইভ করা হয়েছে। ভিডিওতে হামলার বিবরণ দিয়ে অভিযোগ করা হয়, হামলাকারী বাড়িঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। এতে বর্ণনাকারী নিজেও মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। 

ফেসবুকে ‘সুফি আত্মপ্রকাশ’ নামের একটি পেইজ থেকেও মাজারের লোকজনকে লাইভে এসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাইতে শোনা গেছে। এছাড়া বাড়িটির চারপাশ থেকে বিভিন্নভাবে আক্রমণের জন্য ইট-পাটকেল ছোড়াসহ আগুন দেওয়ারও চিত্র দেখা গেছে।

কাজী জাবেরের পেজ থেকে রাত ১০টার দিকে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি ও টুপি পরিহিত একদল ব্যক্তি তার বাড়ির দিকে হেঁটে আসছেন। একপর্যায়ে বাড়ির সামনে গেটে এসে কাজী জাবেরকে তারা বাইরে বের হতে বলেন। তবে রাত হওয়ায় কাজী জাবের গেট খুলবেন না বলে তাদের জানিয়ে দেন। একপর্যায়ে ওই ব্যক্তিরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিক্ষেপ করতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নারীদের চিৎকার শোনা যায়। কাজী জাবের তার লোকজনদের মারধর করা হচ্ছে বলে ভিডিওতে বিবরণ দেন।

একপর্যায়ে বাড়িটির বিদ্যুৎ সংযোগ চলে যায়। ভিডিওর বিবরণে দাবি করা হয়, চাকুলিয়া মসজিদের ইমাম তৈয়ব খান লোকজনকে উসকে দিয়ে এ হামলার ঘটনা ঘটান। কাজী জাবের সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী বলে জানান।