নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ের সামনে পোশাকশ্রমিকদের অনশন

আগামী ১০ অক্টোবরের মধ্যে নেমকন ডিজাইন লিমিটেড, ক্রোনী গ্রুপসহ সব পোশাকশ্রমিকের বকেয়া মজুরি পরিশোধ ও ত্রিপক্ষীয় ১৮ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে অনশন করেছেন শ্রমিকরা। সোমবার বেলা ১১টার থেকে বেলা আড়াইটা পর্যন্ত নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় নেমকন ডিজাইন লিমিটেড এবং ফতুল্লার শাসনগাওয়ের ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স ও ক্রোনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের পরিশোধসহ বিভিন্ন দাবিতে নগরে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা নগরের চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করেন। বিক্ষোভ ও অনশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান। বেলা আড়াইটার দিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ১০ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে অনশন ভাঙেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস শ্রমিকদের বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ। শ্রমিক ছাঁটাই ও সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে। মালিকপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের বেতন পরিশোধে টালবাহানা করছেন। ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স ও ক্রোনী অ্যাপারেলস বকেয়া বেতন পরিশোধ ছাড়াই কারখানা বন্ধ করে দিয়েছে।

শ্রমিকনেতা মাহবুবুর রহমান বলেন, নারায়ণগঞ্জে ছয়টি পোশাক কারখানার ১০ হাজারের মতো শ্রমিকের বেতন বকেয়া রয়েছে। অনেক প্রতিষ্ঠানের বেতন বকেয়া আছে পাঁচ থেকে সাত মাসের। বেতন পরিশোধ এবং উপদেষ্টাদের উপস্থিতিতে সম্পাদিত ত্রিপক্ষীয় ১৮ দফা বাস্তবায়নের দাবিতে বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে শ্রমিকরা অনশন করেছেন। মজুরি না পেয়ে শ্রমিকেরা আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। ১০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে নামবেন শ্রমিকরা।

এ বিষয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের পক্ষ থেকে লিখিত কোনও দাবি আমাদের কাছে আসেনি। মৌখিকভাবে যেটা আমাদের জানানো হয়েছে, সেটার জন্য আমরা কাজ করছি। ১০ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে, সেটা আগেই ঘোষণা দেওয়া হয়েছে।

আদমজী শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, শ্রমিকরা বকেয়া মজুরি ও ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ ও বিকেএমইএ কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করেছেন। পোশাকশ্রমিকদের সমস্যার বিষয়টি আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।