রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে দুই ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা দুই প্রাইভেটকারের পেছনে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ফেরিতে থাকা ক্ষতিগ্রস্ত রাজবাড়ী সদর চরখানখানাপুরের মাইক্রোবাস চালক এরশাদ শেখ বলেন, সকাল পৌনে ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে আসে। নদীতে ঘন কুয়াশা থাকায় সকাল সাড়ে ৬টার দিকে রো রো ফেরি ভাষা শহীদ বরকত এসে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর রো রো ফেরিটিকে ধাক্কা দেয়। এতে আমার মাইক্রো ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাইভেটকার চালককে ৫০ হাজার ও আমাকে ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেয় বিআইডব্লিউটিসি। আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ফেরিতে থাকা কুষ্টিয়াগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, আমি ফেরির ছাদে ছিলাম, ঘন কুয়াশার কারণে সামনের ফেরিটি আমাদের জন্য ফেরিটি না দেখলে দুটি ফেরির মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার অনেক ভয় লেগেছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি এমরান মাহমুদ তুহিন বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ নদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি ভাষা শহীদ বরকতের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে থাকা দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কুষ্টিয়ার প্রাইভেটকার চালক ফুয়াদ রেজাকে ৫০ হাজার টাকা এবং রাজবাড়ীর চরখানখানাপুরের মাইক্রো চালক এরশাদকে ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে আজ মাঝ নদীতে দুটি ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে মেরিন শাখা থেকে বিস্তারিত বলতে পারবেন।