গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপ এবং তুসুকা গ্রুপের শ্রমিকদের দাবি মেনে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দাবি মেনে নেওয়ায় শনিবার (০২ নভেম্বর) বিকাল ৩টার দিকে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে কারখানা অভ্যন্তরে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে ইসলাম গ্রুপ কর্তৃপক্ষ শনিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বাসায় চলে যান। তবে তুসুকা গ্রুপ কর্তৃপক্ষ ছুটি ঘোষণা না করলেও তারা কাজে যোগ দেননি।
ইসলাম গ্রুপের শ্রমিক বাপ্পি বলেন, ‘আমাদের ২১ দফা দাবির মধ্যে প্রায় দাবিগুলো মেনে নিলেও ১৪ জন কর্মকর্তার অব্যাহতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কিছুই জানায়নি। আমাদের দাবি শনিবারের মধ্যে নোটিশ দিয়ে তাদের বের করে দিতে হবে।’
ইসলাম গ্রুপের ওভেন সেকশনের উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মামুন বলেন, ‘শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। রবিবার থেকে যথা নিয়মে কারখানার উৎপাদন কাজ চলমান থাকবে।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কোনাবাড়ী থানার সভাপতি আশরাফুজ্জামান বলেন, ‘তুসুকা এবং ইসলাম গ্রুপের শ্রমিকদের দাবিগুলো আমি দেখেছি। অনেকগুলো দাবি মালিকপক্ষ পূরণের আশ্বাস দিয়েছে। ফলে কর্মবিরতি প্রত্যাহার করেন শ্রমিকরা।’
তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, ‘শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে।’
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলাম গ্রুপ এবং তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন। পরে উভয় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা।’