নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন চিকিৎসক ও বন্দিনী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা হোসাইন। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শহরের কেন্দ্রীয় রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ও রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, ডিআইটি, মণ্ডলপাড়া কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় ৫০০ কম্বল বিতরণ করেন সাবরিনা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় রেলস্টেশনে গরিব-অসহায় ও ছিন্নমূল শিশুরা ঘুমিয়ে আছে। এ সময় ইয়াসিন নামে এক শিশুকে প্লাস্টিকের তৈরি বস্তা মুড়িয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায়। সাবরিনা শিশুটির গায়ে কম্বল মুড়িয়ে দেন। এতে শিশুটি বেশ খুশি হয়ে যায়।
কম্বল বিতরণ শেষে ডা. সাবরিনা হোসাইন বলেন, ‘আমি যেহেতু মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করি সেহেতু আমি মনে করি, আজ তাদের (দুস্থ) জন্য যেটুকু করেছি, এটা মানুষের অধিকার। এটা কোনও দান নয়। আমি সংগঠনের পক্ষ থেকে সেই অধিকার নিশ্চিত করেছি। আগামীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ অনেক কিছু করতে চাই।’
শীত মৌসুমের কষ্টের কথা স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শীতকালে শীতের কাপড় না থাকলে কতটুকু কষ্ট হয় সেটা আমি জানি। আমার জীবনে কষ্টকর সময় পার করে এসেছি। ঠান্ডায় কেমন লাগে আমি তা জানি। কাশিমপুরে অনেক ঠান্ডা পড়ে।’
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী বলেন, ‘বন্দিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা. সাবরিনার অর্থায়নে ৫০০ কম্বল বিতরণ করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ শেষে নারায়ণগঞ্জে কম্বল বিতরণ করা হয়।’
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম বলেন, ‘গরিব-অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে ডা. সাবরিনা কম্বল দিয়েছেন। এবারের কার্যক্রম শেষে তিনি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিয়ে তার পাশে আছি।’