১৩ কোটি টাকা ঋণ পেয়েও স্টাফ-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেনি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। একইসঙ্গে
তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাদের।
রবিবার (০৫ জানুয়ারি) গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর থেকে এ নোটিশ দেওয়া হয়। সোমবার (০৬ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন অধিদফতরের শ্রম পরিদর্শক রোমেনুল ইসলাম।
তিনি বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ১৩ কোটি টাকা ঋণ পেয়ে ছয় কোটি টাকা বকেয়া পরিশোধ করলেও স্টাফ-কর্মচারীদের বেতন পরিশোধ করেনি ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড। কেন সরকারের দেওয়া ঋণের বাকি টাকা ফেরত নেওয়া হবে না, তার উপযুক্ত তথ্য-প্রমাণসহ তিন কর্মদিবসের মধ্যে কলকারখানা দফতরসহ সংশ্লিষ্ট সব দফতরকে বিষয়টি জানানোর জন্য তাদের নোটিশ দেওয়া হয়েছে।’
ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের প্রধান ফিন্যান্সিয়াল অফিসার ফয়েজ আহমেদ বলেন, ‘নোটিশ পেয়েছি। নোটিশের জবাব দেওয়া হবে। আমরা ইতিমধ্যে শ্রমিকদের আট কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করেছি। শিগগিরই ঋণের বাকি টাকা দিয়ে স্টাফ-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম বলেন, ‘গত ২২ নভেম্বর ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। কারখানারটি বন্ধ হওয়ার দিন পর্যন্ত প্রায় আট হাজার শ্রমিক কর্মচারী কর্মরত ছিলেন। তাদের কয়েক মাসের বেতন ও বন্ধকালীন সময়ের পাওনা পরিশোধ সংক্রান্ত বিষয়ে গত ২৮ নভেম্বর শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সরকার থেকে ১৩ কোটি টাকা ঋণ পাওয়ার কথা রয়েছে মালিকপক্ষের। এরপরও ১৪ কোটি টাকা পাওনা থাকবেন কারখানার শ্রমিকরা। অথচ ঋণ পেলেও বকেয়া পরিশোধ করা হয়নি।’