নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাট ও সাইলো ঘাটের বিপরীতে কুতুবপুর ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরে শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাটে অজ্ঞাত (৪৫) এক পুরুষ ও সাইলো ঘাটের বিপরীতে কুতুবপুর ঘাট এলাকা অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে নৌপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করেছে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাশ দুটি ৪-৫ দিন আগের। ময়নাতদন্তের পরে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব হবে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।’