মানিকগঞ্জে বাবার বাড়িতে নববধূকে হত্যা,স্বামী আটক

মানিকগঞ্জমানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে রোজিনা আক্তার (২০) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী মিরাজ উদ্দিনকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোজিনা রামচন্দ্রপুর গ্রামের শাসসুল হোসেনের মেয়ে। নিহতের স্বামী মিরাজ উদ্দিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাত এই তথ্য নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ওসি জানান,কিছু দিন আগে মিরাজের সঙ্গে রোজিনার পারিবারিকভাবে বিয়ে হয়। কয়েক দিন আগে তারা বাবার বাড়ি বেড়াতে আসে। সব সময় স্বামী-স্ত্রী একে অপরের পাশে থাকা নিয়ে মান-অভিমান হচ্ছিল। এই মান-অভিমানের এক পর্যায়ে রোজিনাকে শুক্রবার রাত ১২টার দিকে মিরাজ উদ্দিন গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ নিহতের স্বজনদের। হত্যার পর মিরাজ কৌশলে রোজিনার লাশ ঘরের পাশের কলাগাছের ঝোঁপে ফেলে রাখেন। এরপর রোজিনাকে পাওয়া যাচ্ছে না বলে মিরাজ তার স্বজনদের জানায়। খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের পাশে কলাগাছের ঝোঁপে রোজিনার লাশ পাওয়া যায়। এসময় রোজিনার গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে তার তার স্বজনরা মিরাজকে আটক করে পুলিশে খবর দেন।

দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাত জানান,ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/