বিএনপির কেন্দ্রীয় নেতার অনুষ্ঠানে ‘পলাতক’ শ্রমিক লীগ নেতা, গ্রেফতারে আলটিমেটাম

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও একাধিক হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছিরসহ প্রকাশ্যে ঘুরে বেড়ানো হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের ছাত্র সমন্বয়করা।

রবিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুরের অন্যতম ছাত্র সমন্বয়ক সোহেল রানা।

এর আগে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রকাশ্যে পলাতক আসামি গোলাম নাছির ফরিদপুর জেলা শ্রমিক লীগের সহসভাপতি জুবায়ের জাকির বক্তব্য রাখেন। তারা দুজনেই শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা।

ওই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এমন একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ছাত্র–জনতা আন্দোলনে সরাসরি হামলায় অংশ নেওয়া ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম নাছির ও জুবায়ের জাকির। বিষয়টি মেনে নিতে পারছেন না ফরিদপুরের ছাত্র সমন্বয়করা। নাছির ও জুবায়েরের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে এই আলটিমেটাম দেন ছাত্র সমন্বয়করা।

সমন্বয়ক সোহেল রানা বলেন, ‘এই নাছির ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি তার বাহিনী নিয়ে হামলায় অংশ নেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে নাছিরসহ হামলাকারীদের গ্রেফতার দেখাতে না পারলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসবো আমরা।’

শুধু নাছির একা নন, অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মো. জুবায়ের জাকিরকে। পুলিশ খুঁজে না পেলেও, এমন একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখে হতবাক ফরিদপুরের সাধারণ মানুষ ও ছাত্রসমাজ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমন্বয়ক আবরার নাদিম ইতু, নীরব ইমতিয়াজ শান্ত, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, আবু নাঈম, জেবা অতশি, সিফাত, ওয়ালিদ, আশরাফ, তাহসিন, আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।

হামলাকারীদের গ্রেফতারের বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলার সঙ্গে জড়িত ছিল তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।’