সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে ঘাস কাটা এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে খামারের ভেতরের সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাহফুজুর রহমান রাজু (৪৩) পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার চইতা গ্রামের আতাহার শিকদারের ছেলে। তিনি ওই খামার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে চুক্তিভিত্তিক ঘাস কাটার কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে রাতে আর বাসায় ফেরেননি রাজু। স্বজনরা তার মোবাইলে একাধিকবার কল করে বন্ধ পান। বুধবার সকালে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরের সড়কের পাশে স্থানীয়রা গলাকাটা লাশ দেখে খামার কর্তৃপক্ষকে খবর দেয়।
খামারের পরিচালক ডা. মো. মনিরুল ইসলাম বলেন, ‘মাহফুজুর রহমান রাজু প্রাণী পুষ্টি প্রকল্পের একজন অনিয়মিত শ্রমিক। তিনি আমাদের ফার্মে ঘাস কাটার কাজ করতেন। মঙ্গলবার দুপুর থেকে ডিউটি করেছেন। বিকালে ডিউটি শেষে ফেরার পথে কে বা কারা হত্যা করে লাশ ফেলে যায়। সকাল সাড়ে ৭টার দিকে খবর পাই। সঙ্গে সঙ্গে আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করি। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, ‘তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ‘পুলিশের কয়েকটি টিম হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। দ্রুতই আসামি শনাক্ত করে গ্রেফতার করা হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।’