টাঙ্গাইলে ফুলচান (১৮) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফুলচান ওই এলাকার সন্দেশ মিয়ার ছেলে। তিনি রডমিস্ত্রির কাজ করতেন।
দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত ৮টার দিকে স্থানীয় লোকজন রাস্তার ওপর ফুলচানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর মরদেহটি ফেলে রেখে গেছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘রডমিস্ত্রিকে হত্যার পর মরদেহ সড়কের ওপর ফেলে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’