নেতিবাচক রাজনীতির কারণেই ইউপিতে বিএনপির ভরাডুবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণেই তৃণমূলে বিএনপিকে প্রত্যাখ্যান করেছেন জনগণ। এ কারণেই প্রথম দফার ইউপি নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের ফোর লেনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রীএসব কথা বলেন।

ফোর লেন পরিদর্শনে মন্ত্রী ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির কাউন্সিল হয় দেশে আর নেতৃত্ব নির্বাচন হয় বিদেশ থেকে। দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন বিদেশের দিকে। কখন শুভ সংবাদ আসবে, কে হবেন দলের মহাসচিব। বিএনপির এখন একেবারে লেজে গোবরে অবস্থা। নেতা-কর্মীরা হতাশ। জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।

প্রথম দফার ইউপি নির্বাচনে সহিংসতার হতাহতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। কিছু ঘটনা ঘটবেই। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের ফোর লেনের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কসহ আরো চারটি মহাসড়ক ফোর লেনে উন্নীত করার আশাবদ ব্যক্ত করেন।

এসময় মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস,পুলিশ সুপার মাহফুজুর রহমান,পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম,ঢাকা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান,মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহীবুল হক উপস্থিত ছিলেন।

/এইচকে/