ঘুষের সংবাদ করায় বাংলা ট্রিবিউনের সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পিবিআই

নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. হাফিজুর রহমান এক মামলার বাদীর কাছে ঘুষ চাওয়ার ঘটনায় সংবাদ করায় বাংলা ট্রিবিউনের রূপগঞ্জ প্রতিনিধি লিখন রাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পিবিআই। গত ৪ আগস্ট নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত জিজ্ঞাসাবাদের চিঠি বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকালে লিখন রাজের কাছে পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়েছে, ‘এতদ্বারা আপনাকে (লিখন রাজ) এই মর্মে জানানো যাইতেছে যে, সূত্রে বর্ণিত অফিস আদেশ সংক্রান্তে সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমতাবস্থায় আপনাকে নোটিশ প্রাপ্তির দুই কর্মদিবসের মধ্যে সকাল ১১টায় পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ে নিম্ন স্বাক্ষরকারীর নিকট উপস্থিত হওয়ার জন্য অত্র নোটিশ প্রদান করা হইলো।’ নোটিশকারী/অনুসন্ধানকারী অফিসার হিসেবে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক মিন্টু কুমারের নাম উল্লেখ করা হয়েছে চিঠিতে।

জিজ্ঞাসাবাদের চিঠির বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপনি যেহেতু পুলিশের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন, তাই স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ থেকে জানতে চাওয়া হচ্ছে—আপনি যেসব তথ্য প্রতিবেদনে ব্যবহার করেছেন, সেগুলো আপনি কোথা থেকে পেয়েছেন, কীভাবে সংগ্রহ করেছেন এবং সেগুলোর উৎস কী। এসব প্রশ্নের উত্তর জানার জন্যই আপনাকে একটি নোটিশ পাঠানো হয়েছে। এতে আপনার প্রতি কোনও ব্যক্তিগত উদ্দেশ্য নয়, বরং বিষয়টির পেশাগত দিক থেকে তথ্য যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

গত ৩ আগস্ট নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার বাদীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ নিয়ে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ করা হয়। এর আগে ২ আগস্ট ঘুষ চাওয়া সংক্রান্ত একটি ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। মামলার বাদী নিপা আক্তার জানিয়েছেন, তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন পিবিআইয়ের উপপরিদর্শক মো. হাফিজুর। সংবাদ প্রকাশের পরই ৩ আগস্ট পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিষয়টি সোমবার (৪ আগস্ট) পিবিআই থেকে জানানো হয় সাংবাদিকদের।