গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধি আশিক চৌধুরীকে (৩২) কুপিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) রাত সোয়া ১১টায় মহানগরীর গাছা থানাধীন গাছা রোডের পূর্ব পাশে মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে। তিনি ইনসেপ্টা কোম্পানিতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে কর্মরত। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

আশিকের এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, বড়বাড়ী থেকে অটোরিকশা দিয়ে বোর্ড বাজার আসছিল আশিক চৌধুরী। অটোরিকশাটি গাছা সড়কের মাথায় আসলে আগে থেকেই রিকশায় থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী আশিকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা আশিককে চাপাতি এবং দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ছিনতাইকারীরা আশিকের কাছ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে অটোরিকশাচালকের সহায়তায় তাকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আশিককে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে স্বজনেরা সকালে তাকে বাসায় নিয়ে গেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম রবিবার (১৭ আগস্ট) দুপর সোয়া ১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। আহত ভিকটিমকে হাসপাতালে চিকিৎসার পর সকাল ১০টার দিকে স্বজনেরা তাকে বাসায় নিয়ে গেছেন। পুলিশ এ মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।