মানিকগঞ্জের ২০ ইউনিয়নের ১৮২ কেন্দ্রের ১১২টিই ঝুঁকিপূর্ণ, কাল ভোট

রাত পোহালেই মানিকগঞ্জ জেলার দুটি উপজেলার ২০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবর্তীণ হতে যাচ্ছেন ৯৬ জন। দ্বিতীয় ধাপের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জেলার দুটি নদীভাঙন কবলিত উপজেলা হরিরামপুর ও দৌলতপুর। এ দুটি উপজেলার ২০টি ইউনিয়নের ১৮২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ভোট কেন্দ্রের  ১১২টি ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। আবার ১১২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৯১ ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে ওইসব ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার নিমিত্তে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। এ দুটি উপজেলায় দুই লাখ ৩৭ হাজার ৮০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার দুটি উপজেলায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠানো সম্পন্ন করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নের ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী।

উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৭৪টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৭টি এবং বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫২টি। অর্থাৎ ৭৪টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোট ৫৯টি। দৌলতপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬২ হাজার ৩২২ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬৪ হাজার ১১৩ জন। দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপর দিকে হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়নের ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১০৮টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৪টি এবং বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৩৯টি। অর্থাৎ ১০৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোট ৫৩টি। এছাড়া ১০৮টি ভোট কেন্দ্রে সর্বমোট বুথ সংখ্যা ৩৩৫টি।

হরিরামপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৫ হাজার ৪৮৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫৫ হাজার ৮৮১ জন।

হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল হক ফৌজদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

/এএইচ/