গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে। আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশ কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশের কমিটি করা দরকার।’
বুধবার (৬ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল শহরে শ্রমিক-কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে দলীয় প্রতীক ‘মাথাল’র মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচনের সঙ্গে সংস্কার অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনও বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সবার ঐক্যের মাধ্যমে আমাদের এগোতে হবে। নানানভাবে অনেক গোষ্ঠী তাদের দলের স্বার্থে ক্ষতি করার চেষ্টা করছে।’
শহরের পৌরউদ্যান থেকে মাথার মার্কার মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- দলের সদর আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন। এ সময় অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।