টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেল নিয়ে রেস করতে গিয়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘেট।
নিহতরা হলেন- উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী আবির (১৬), কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী লিখন (১৬) ও কালিদাস ফুলঝুড়ি পাড়া গ্রামের আবদুর রউফের ছেলে কলেজছাত্র সাব্বির আহেমদ (১৯)।
নিহত আবিরের নানা এছাক মিয়া ও কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘বন্ধুরা মিলে বনাঞ্চলের সড়কে মোটরসাইকেল রেস করতেছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হন্তান্তর করা হবে।’