এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত এক, আহত ১৫

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে থেমে থাকা একটি বিকল পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা দিয়েছে। এতে তারেক (৪৫) নামে বাসের সুপারভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাসটি এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় অবস্থানরত একটি বিকল হয়ে থেমে থাকা পণ্যবাহী ট্রাককে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসের ভেতর আটকে পড়েন যাত্রীরা। এ সময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেকের মৃত্যু হয়। আহত হন আরও ১৫ জন।

খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিল এক্সপ্রেসওয়ে। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। এতে মহাসড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১৫ জন।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ায় বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।