ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নওপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যান। এ সময় আহত ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত দুই জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।